ঢাকা: আজ, রবিবার ১৭১ জন ক্রীড়াবিদকে প্রদান করা হবে ভাতা এবং ক্রীড়াকার্ড।
দেশের ক্রীড়াঙ্গনে পেশাদার ভিত্তি শক্ত করতে শুরু হওয়া ক্রীড়াভাতা কর্মসূচির দ্বিতীয় ধাপে এদিন আরও ১৭১ জন ক্রীড়াবিদ ভাতা ও ক্রীড়াকার্ড পাচ্ছেন।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) টাওয়ারের অডিটরিয়ামে আয়োজিত হবে অনুষ্ঠান। ক্রীড়াবিদদের হাতে এই সুবিধা তুলে দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এর আগে গত ৩০ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আনুষ্ঠানিকভাবে কর্মসূচিটির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেদিন ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়াকার্ড তুলে দেওয়া হয়। এবং প্রত্যেকের মোবাইল ব্যাংকিং হিসাবে ১ লাখ টাকা করে ভাতা পাঠানো হয়।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, বিভিন্ন ডিসিপ্লিনের মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনা হবে বলে জানা গিয়েছে। যদিও চলতি অর্থবছরে সুবিধা পাবেন মোট ৩০০ জন। ৩০০ জনকে প্রথম পর্যায়ে ধরা হয়েছে।
