রাজশাহী: ভয়াবহ পরিস্থিতি দেশের। আইনশৃঙ্খলা পরিস্থিতির ধস নেমেছে। শেখ হাসিনার আগমণের খবরে ক্ষ্যাপা হয়েছে জামাত শিবির। দেশে মুহুর্মুহু ককটেল, বোমা ফাটছে।

এবার রাজশাহীর হযরত শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশের ফুলগাছের ভেতর থেকে দুটি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

আজ, মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে এক পথচারী বস্তু দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (APBn) সদস্যরা সতর্কতামূলক ব্যবস্থা নেন।

নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের প্রধান ফটক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

যাত্রীদের প্রবেশ এবং বের হওয়ার জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট খুলে দেওয়া হয়।

জানা গিয়েছে, এই সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জেই অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আতঙ্ক ছড়িয়ে পড়ে এই ঘটনায়। তাঁকে বিমানবন্দরের মূল ফটকের পরিবর্তে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, বিমানবন্দরের প্রধান ফটকের বাঁ পাশে ফুলগাছের ভেতরে সন্দেহজনক দুই বস্তু পড়ে থাকতে দেখেন একজন পথচারী। তিনিই দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিষয়টি জানান।

এরপর বস্তু দুটি নিরাপদে সরিয়ে নিয়ে রাজশাহীর পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা নিষ্ক্রিয় করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *