চাঁপাইনবাবগঞ্জ: এক বসতবাড়িতে ৩০ টি ককটেল বিস্ফোরণ ঘটেছে একসাথে। ভয়ঙ্কর এই ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মুসা মাওলানা পাড়া গ্রামের।
সেখানে একটি বসতবাড়িতে মাটির নিচে পুঁতে রাখা এক দুই করে প্রায় ৩০টি ককটেলের একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সেই গ্রামের বাসিন্দা এহু হোসেনের বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। এতে বাড়িটি একদম তছনছ হয়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মো. ইসহাক আলীর ছেলে এহু হোসেনের বাড়ির আঙিনায় মাটির নিচে গোপনে এতগুলো ককটেল রাখা হয়েছিল।
রোববার রাত ৮টার দিকে হঠাৎ সেগুলোর বিস্ফোরণ হয়।
ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ককটেল বাসাবাড়িতে কীভাবে এলো? কে পুঁতে রেখেছিলো এখানে?
ভয়াবহ এই বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, “ওই বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাটির নিচে মজুত করে রাখা হয়েছিল। তবে যাঁর বাড়িতে এ ঘটনা ঘটেছে, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না বা কী উদ্দেশ্যে এগুলো রাখা হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছি।”
