ঢাকা: সোমবার রাতে আচমকা কেঁপে উঠল রাজধানী ঢাকা-সহ বাংলাদেশের একাধিক এলাকা।

সেরকম জোর না থাকলেও, কম্পন মৃদু হলেও রাতের অন্ধকারে হঠাৎ হওয়া এই ভূকম্পনের জেরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। অনেকেই ঘরবাড়ি ছেড়ে নেমে আসেন রাস্তায়।

বিশেষ করে বহুতলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও হুড়োহুড়ি পড়ে যায়।

এর উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে।

বাংলাদেশের সময় অনুযায়ী, সোমবার রাত ৯টা ২৯ মিনিটে এই ভূমিকম্প হয়। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাইয়াৎ কবীর বলেন, ভূমিকম্পের মাত্রা ছিল ৪।

“এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৬ কিলোমিটার পূর্ব দিকে; নারায়ণগঞ্জের রূপগঞ্জে।”

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা— ইউএসজিএস অবশ্য ভূমিকম্পের মাত্রা ৪.৪ দেখিয়েছে।

ফ্রান্সভিত্তিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের গভীরতা ছিল ১৬ কিলোমিটার।

প্রসঙ্গত, এর আগে গত ১২ জুন সিলেট এবং ময়মনসিংহ সংলগ্ন এলাকাতেও ৪.৫ মাত্রার একটি মৃদু কম্পন অনুভূত হয়েছিল।

ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, একটি এলাকায় এই ধরনের ছোট ছোট কম্পন হওয়া কোনও বড় মাপের ভূমিকম্পের আভাস হতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *