ঢাকা: বাংলাদেশি দেশেও মরে, বিদেশেও মরে।
দক্ষিণ আফ্রিকায় মারা গিয়েছে ৬ বাংলাদেশি। ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন এলাকায় একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন বাংলাদেশি নিহত হয়েছে।
এ ঘটনায় নারায়ণগঞ্জের সদর উপজেলার আলীরটেকের ক্রোকেরচর গ্রামজুড়ে শোক নেমে এসেছে।
আগুনের ঘটনাটি ঘটে আজ, মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে। স্থানীয় সময় ভোর ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনের দোকানটিতে আগুন লাগে।
জানা গিয়েছে, নিহত ৬ জনের মধ্যে তিনজনের বাড়ি আলীরটেকের ক্রোকেরচর গ্রামে।
জানা যায়, দোকানের ভেতরের আবাসিক কক্ষে ৭ জন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে এবং ৬ জন ঘটনাস্থলেই মারা যান।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ ও ফায়ার সার্ভিস।
নিহত ৬ বাংলাদেশি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
