ঢাকা: নন্দিত জননেতা, শিক্ষা উদ্যোক্তা, দানবীর, বিশিষ্ট শিল্পপতি, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ একেএম রহমতুল্লাহ আজ ভোরে প্রয়াত হয়েছেন।
তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরেই অসুস্থতা ছিলো তাঁর। তিনি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। জীবনভর এই লক্ষ্যেই কাজ করেছেন।
ভক্ত, শুভাকাঙ্ক্ষী, অনুসারীদের কাছে তাঁর মহাপ্রয়াণ যেন মহাকাশ থেকে একটি নক্ষত্রের পতন।
ঢাকা ১১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক অঙ্গন।
আজ মঙ্গলবার ভোর রাত ৩টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ কে এম রহমতুল্লাহ কেবল একজন সফল রাজনীতিবিদই ছিলেন না, তিনি ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং দলের একজন নিবেদিতপ্রাণ অভিভাবক।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে জনগণের সেবা করে গেছেন। বিশেষ করে
ঢাকা ১১ আসনের সংসদ সদস্য হিসেবে এলাকার উন্নয়নে তাঁর ভূমিকা ছিল। মহান মুক্তিযুদ্ধে একজন সম্মুখ সারির বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।
