নারায়ণগঞ্জ: আজকাল মানুষ যে কোনো ঘটনায় ছবি, ভিডিও করে রাখে বলে অনেক দুষ্ট ধরা পড়ে। কিন্তু যদি ভাইরাল না হতো ঘটনাগুলো, তাহলে কি ওরা অন্যায় করেই যেতো? হয়তো করেই যেতো? ভাইরাল হয় বলে মাঝেমধ্যে চাকরি থেকে প্রত্যাহার হয়।

হলে কী হবে, দেখবেন কোন ফাঁকে আবার নষ্টামি করেও চাকরিতে ঢুকে বসে আছে! এই দেশে কখন কী হয় তার কোনো হদিশ পাওয়া যায় না।

নারায়ণগঞ্জে আব্দুল মান্নান নামে সদর নৌ থানার এক উপ-পরিদর্শকের (এসআই) নেশা করে চরম মাতলামির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

গভীর রাতে মদ খেয়ে, নেশা করে এদের মাতলামি চলে। এদের হাতেই সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার দায়িত্ব!

কাণ্ডটা দেখেন! তাদের দিয়ে দেশের আইনশৃঙ্খলা উন্নতি এবং দেশের মাদক নিয়ন্ত্রণ কতটুকু সম্ভব একটু ভাবুন! আমরা কোথায় আছি?

শুক্রবার গভীর রাতে শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় ঘটনাটি ঘটে।

ভিডিওতে দেখা গেছে, পুলিশ কর্মকর্তা আব্দুল মান্নান নেশাগ্রস্ত হয়ে অস্বাভাবিক আচরণ করছেন। কখনো মাটিতে বসে গান গাইছেন, আবার কখনো নাচছেন। কিছুক্ষণ পর আবার তাঁকে বিলাপ করতেও দেখা যায়।

তাঁর এ ধরনের অসংলগ্ন কথাবার্তা ও অস্বাভাবিক আচরণ দেখে আশপাশের লোকজন জড়ো হয়ে যান।

উপস্থিত লোকজন তাঁর এমন আচরণের কারণ জানতে চাইলে আব্দুল মান্নান জানান, তাঁর স্ত্রী তাঁকে মারধর করেছেন। এই কারণে নাকি তিনি মদ পান করেছেন।

সদর নৌ থানা পুলিশের ওসি রকিবুজ্জামান জানিয়েছেন, ভিডিওটির বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর তাঁকে প্রত্যাহার করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *