ঢাকা: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শারীরিক ও মানসিক অসামর্থ্যের কথা উল্লেখ করে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

শুক্রবার ব্রিফিংয়ে স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

রাষ্ট্রপতি পদত্যাগ করতে চলেছেন, জানা গিয়েছিল গতকালই। সেই খবরে সিলমোহর পড়ল শুক্রবার।

আগামী ৯০ দিন অর্থাৎ তিন মাসের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

উল্লেখযোগ্য যে, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ এপ্রিল মহম্মদ সাহাবুদ্দিন চুপ্পু পাঁচ বছরের জন্য ২২ তম রাষ্ট্রপতি হন। সেই হিসাবে তাঁর মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল।

মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই তিনি পদত্যাগ করলেন।

রাষ্ট্রপতির পদত্যাগের কারণ সম্পর্কে স্পিকার বলেন, বিদায়ী রাষ্ট্রপতি গুরুতর অসুস্থ।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন। এছাড়া তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে।

স্পিকার আরও জানান, সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় রাষ্ট্রপতির ‘অটোনমিক নিউরোপ্যাথি’ রোগ ধরা পড়েছে। এ রোগের কারণে তিনি মাঝেমধ্যে অচেতন হয়ে পড়েন।

বিভিন্ন শারীরিক জটিলতা এবং মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয়। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করেছেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের সাংবিধানিক প্রক্রিয়া ব্যাখ্যা করে স্পিকার বলেন, সংবিধান অনুযায়ী যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি, যাতে প্রয়োজন হলে এ দায়িত্ব পালন করতে পারি।

তিনি বলেন, একইভাবে ডেপুটি স্পিকারও শপথের সময় এমন অঙ্গীকার করেন যে, স্পিকারের পদ শূন্য হলে তিনি সেই দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, আজ দুপুর থেকেই এ বিষয়ে নানা ধরনের আলোচনা শুনছি। তবে প্রকৃত সত্য হলো, তিনি সম্পূর্ণ স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করেছেন। আমি তার দ্রুত সুস্থতা ও মঙ্গল কামনা করি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *