খুলনা: মাংস রান্না করা হচ্ছিলো। কিন্তু দেখা গেলো সেই মাংস সবুজ বর্ণ ধারণ করছে ধীরে ধীরে! রং মেশালে যেমন হয় তেমন!

এই ঘটনায় তো একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনা খুলনার পাইকগাছায়।

গরুর মাংস রান্নার সময় এক অস্বাভাবিক ঘটনা দেখতে পান রাঁধুনি। রান্নার প্রক্রিয়া শুরু হতেই সেই মাংস লাল থেকে সবুজ রং ধারণ করছিল।

বুধবার, ২২ জুলাই দুপুরে পৌরসভার মডার্ন বেকারির কর্মচারীরা রান্না করতে গিয়ে মাংসের রং লাল থেকে গাঢ় সবুজ হয়ে যেতে দেখেন।

স্থানীয় সূত্র জানায়, পিকনিকের জন্য কেনা হয়েছিলো মাংস। সেগুলো ধুয়ে কড়াইতে তোলার পর প্রথমে ধোয়ার পানি কালচে রং ধারণ করে। এরপর অল্প সময়ের মধ্যেই রান্না হতে থাকা মাংসের রং ধীরে ধীরে গাঢ় সবুজে পরিণত হয়।

এমন অস্বাভাবিক দৃশ্য তো কেউ কোনোদিন দেখেনি। আর মাংসের কিছু হলে তো প্রাণপাখি উড়ে যায়।

এই অবস্থা দেখে রান্নার দায়িত্বে থাকা ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন এবং বিষয়টি দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রান্না করা মাংসসহ কড়াই নিয়েই সংশ্লিষ্টরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও পাইকগাছা থানায় যান ।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাংসের নমুনা প্রমাণ হিসেবে জব্দ করে থানায় নিয়ে যায়।

মাংস বিক্রেতা ইসমাইল দাবি করেন, ওই দিন জবাই করা গরুর সব মাংস ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। তবে তার দোকানের ফ্রিজে সংরক্ষিত মাংস রয়েছে এবং প্রয়োজন হলে সেখান থেকে বিকল্প মাংস দেওয়া যাবে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জব্দ করা মাংসের নমুনা পরীক্ষাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

পরীক্ষার ফলাফল পাওয়ার পরই মাংসের রং পরিবর্তনের কারণ কী সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *