বান্দরবান: দুই দিন ধরে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও শুক্রবার (১০ জুলাই) রাতভর টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সার্বিক পরিস্থিতির আবারও অবনতি হয়েছে।
জেলা শহরের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এর পাশাপাশি সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বিশেষ করে বান্দরবান-কেরানীহাট সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে।
অন্যদিকে বান্দরবান-রাঙ্গামাটি সড়কের ব্রিজঘাট এলাকার একটি গুরুত্বপূর্ণ সেতু পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেঙে পড়েছে। দেখা গেছে একদম টুকরো হয়ে গেছে।
ফলে শনিবার সকাল থেকে এই দুই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
পাশাপাশি, পানির তীব্র চাপে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে রাঙ্গামাটির রাজস্থলীসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
যোগাযোগ বিচ্ছিন্নতার বিষয়ে স্থানীয়রা বলেন, ‘সেতুটি ভেঙে যাওয়ায় দুই জেলার মানুষের চলাচল পুরোপুরি বন্ধ। রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। দ্রুত একটি বিকল্প ব্যবস্থা করা খুব জরুরি।’
খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
