নাটোর: নাটোরের লালপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথি না করায় অদ্ভুত কাণ্ড ঘটলো। কাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে।
খেলা বন্ধ করতে তিনি নিজের উদ্যোগে মাইক ভাড়া করে গ্রামজুড়ে ‘১৪৪ ধারা জারি হয়েছে’ বলে মাইকিং করেন। পরে আয়োজকেরা ফাইনাল ম্যাচটি স্থগিত করে দেন।
ঘটনাটি ঘটে শুক্রবার (২১ আগস্ট) উপজেলার কেশবপুর গ্রামে। অভিযুক্ত মারুফ আলী একই গ্রামের বাসিন্দা এবং লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
জানা গিয়েছে, কেশবপুর গ্রামে প্রায় ৬০ বছর ধরে প্রতিবছর ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়ে আসছে। গ্রামের কলেজ, উচ্চবিদ্যালয়, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিজীবীরাও এতে অংশ নেয়।
এবারও একইভাবে ১৫ দিন আগে টুর্নামেন্ট শুরু হয়। শুক্রবার ফাইনাল ম্যাচ ছিল। কিন্তু অঘটন ঘটে যায়।
আয়োজকেরা জানান, সবাই উপস্থিত ছিলেন সেখানে।
খেলার আয়োজক থেকে শুরু করে খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিভিন্ন পর্যায়ের অতিথি গ্রামের প্রবীণরা হন। তাঁরাই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এই আয়োজনে হয়তো অতিথি করা হয়নি ছাত্রদল নেতা মারুফ আলীকে। এতেই ক্ষুব্ধ হন তিনি।
শুক্রবার আইন অমান্য করে নিজের ভাড়া করা মাইকে গ্রামজুড়ে মাইকিং করে ১৪৪ ধারা জারি হয়েছে বলে প্রচার করেন তিনি। এমন কাণ্ড করে কেউ!?
খেলার আয়োজক কমিটির সদস্য মাহবুব হোসেন বলেন, টুর্নামেন্টের শুরু থেকেই অভিযুক্ত ওই ছাত্রদল নেতা ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলামকে প্রধান অতিথি এবং তাকে বিশেষ অতিথি করার দাবি তোলেন। কিন্তু আয়োজক কমিটি স্থানীয় ঐতিহ্য বজায় রেখে সেই দাবিতে গুরুত্ব দেয়নি।
তাই হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তিনি এমন আজব কাণ্ড করে বসলেন।
লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট বলেন, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
