ঢাকা: ঘরে ঢুকে হত্যা করে চলে যাচ্ছে হত্যাকারী। দেশ আজ কোথায় গিয়ে পৌঁছেছে! আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক থাকতো, তাহলে এই ধরনের ঘটনা ঘটার কোনো অপশন ছিলো?
মর্মান্তিক এবং নৃশংস ঘটনা ঘটেছে ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকায়। বাড়িতে ঢুকে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এবং ধারালো অস্ত্রের আঘাতে ওই কলেজছাত্রীর মায়ের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। হামলায় আহত হয়েছে নিহতের ভাই-বোনও।
এমন একটা ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পয়লা বৈশাখের ভোরেই ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু।
যে কলেজ ছাত্রীকে হত্যা করা হয়েছে তার নাম দিয়া (২০)। তিনি শেখ বোরহানুদ্দীন কলেজের শিক্ষার্থী ছিলেন।গুরুতর আহত হয়েছেন তার মা নুসরাত জাহান মৌসুমী (৪২), ছোট বোন জয়া (১২) এবং ভাই মুয়াজ আহমেদ (১৫)। তাদের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই ঘটনার সময় নিহতের বাবা নবু উল্লাহ বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।
হত্যা বিষয়ে পুলিশ বলছে, হামলাকারী ওই বাড়ির ভাড়াটে ও নির্মাণ ঠিকাদার। বাড়ির নির্মাণ কাজের পাওনা টাকা নিয়ে নাকি বিবাদ ছিলো। তার জেরেই এই হামলা হয়েছে।
তবে অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে। পুলিশ খতিয়ে দেখছে ঘটনা।
ইতিমধ্যে ঠিকাদার আবু মুসাকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
