খুলনা: সড়ক দুর্ঘটনায় এবার প্রাণ হারালেন এক দম্পতি।
খুলনার দৌলতপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবা রাত ৯টার দিকে দৌলতপুর রেলিগেট মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, তানভীর হাসান ও তাঁর স্ত্রী লামিয়া বেগম। তাঁরা নগরীর বয়রা এলাকার বাসিন্দা।
জানা যায়, মঙ্গলবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস রেলিগেট মোড় পার হচ্ছিলো।
ঠিক এই সময়েই বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তানভীর ও লামিয়া মারা যান।
দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সেই বাসটিকে জব্দ করা হয়েছে বলে জানা গেলো। তবে বাসের চালক পলাতক।
