ঢাকা: অক্টোবর পেরিয়ে নভেম্বর ছুঁইছুঁই, কিন্তু ডেঙ্গুর দাপট কিছুতেই কমছে না। ডেঙ্গু কেস হুঁ হুঁ করে বেড়েই চলেছে।
হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। একের পর এক রোগী আসছেন জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা, বমি, দুর্বলতা নিয়ে।
কারও প্লেটলেট কমছে, কারও আবার হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।
জ্বর হলে অবহেলা করবেন না। দিনের বেলাতেও অবশ্যই মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখুন।
বাড়ির আশেপাশে জমে থাকা পানি জমা থাকলে অবশ্যই পরিষ্কার করে রাখা উচিৎ।
বিশেষ করে ঢাকার বাইরের বিভাগগুলোতেও রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বাড়ছে।
তথ্য বলছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়াও চট্টগ্রাম বিভাগে ২৬৮, বরিশালে ১৮২, খুলনায় ১৩১, রাজশাহীতে ১১২, ময়মনসিংহে ৭৫, রংপুরে ৪৮, সিলেটে ১১ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩৬৭ জন।
আর এই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ৪১৮ জন। এর মধ্যে ঢাকা বিভাগেই মৃত্যু হয়েছে ১৯৭ জনের। খুলনা বিভাগে মারা গেছেন ৭৮ জন, চট্টগ্রামে ৪২, ময়মনসিংহে ৩৩, বরিশালে ২৯, রাজশাহীতে ২৮, রংপুরে আটজন ও সিলেটে তিনজন।
অস্বাভাবিক রক্তপাত, তীব্র পেটব্যথা, বারবার বমি, অতিরিক্ত দুর্বলতা/অস্থিরতা, শ্বাসকষ্ট, ঘুমঘুম ভাব বা প্রস্রাব কমে গেলে দ্রুত হাসপাতালে যাওয়া উচিৎ।
একজনের অসতর্কতা শুধু একজনকে নয়, পুরো পরিবারকেই ঝুঁকিতে ফেলতে পারে।
