ঢাকা: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক রাষ্ট্রদূত এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক আর নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের মৃত্যুতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ ইতিমধ্যে গণমাধ্যমকে অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের পরলোকগমনের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখযোগ্য যে, অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক ছিলেন একজন প্রথিতযশা শিক্ষক, মুক্তিযুদ্ধের বীর সৈনিক এবং অসাম্প্রদায়িক চেতনার অন্যতম কণ্ঠস্বর ছিলেন। একজন মানুষের মতো মানুষ ছিলেন তিনি।
দেশ, মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
