ঢাকা: বৃক্ষরোপণের আহ্বান জানালেন জুবাইদা রহমান।
বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা: জুবাইদা রহমান।
এদিন, বুধবার সকালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উদযাপন উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন জুবাইদা রহমান। তখনই কথাগুলো বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে নিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
পরে তিনি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা-২০২৬’ এর উদ্বোধন করেন।
জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে ও জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেডআরএফ গঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আ ফ মো ইউসুফ হায়দার, বর্তমান ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও জেডআরএফের পরিচালক ডা: মোস্তফা আজিজ সুমন, কৃষিবিদ বয়জার রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা: জুবাইদা রহমান বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা, ছায়া সৃষ্টি এবং একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার সুযোগ তৈরি হয়।
তিনি বলেন, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের প্রতিটি গ্রাম ও শহর আরো সবুজ, নির্মল ও সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠবে।
