লক্ষ্মীপুর: ফিফা বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে আনন্দের সাথে সাথে মৃত্যু, আঘাতের ঘটনাও কিন্তু কম নয়। এই দেশে সব সম্ভব!
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে যেতে নিষেধ করায় লক্ষ্মীপুরের রামগঞ্জে নিজের স্ত্রীকে মারধর করে জখম করেছেন এক গুণধর স্বামী!
নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে ভুক্তভোগীর মামলায় অভিযুক্ত স্বামী জহিরুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় মঙ্গলবার (২১ জুলাই) সকালে স্ত্রী মামলা করেছেন। ওই মামলায় আটক জহিরুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, ঘটনাটি ঘটেছে রবিবার (১৯ জুলাই) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ওয়াপদা টেক এলাকায়।
স্ত্রী কোনো কারণে বিশ্বকাপ খেলা দেখতে বারণ করেছিলেন স্বামীকে। বারণ করায় এলোপাতাড়ি পিটিয়ে জহির তার স্ত্রীর হাত পায়ে জখম করে ফেলে।
তাঁদের একটা শিশু সন্তান আছে।ঘরে পাঁচ মাস বয়সি সন্তানকে নিয়ে মরিয়ম একা। তাই জহিরুলকে খেলা দেখতে যেতে তিনি নিষেধ করেছিলেন।
এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবী, অত্যাচারী স্বামী লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে আহত করে।
ঘটনাটির ভিডিও সোমবার (২০ জুলাই) ফেসবুকে ছড়িয়ে পড়ে। নেটিজেনরা ঐ স্বামীর শাস্তি দাবি করতে থাকেন।
সোমবার রাতে ভিডিওটি নজরে আসলে রামগঞ্জ থানা পুলিশ জহিরুলকে আটক করে।
সেই ভিডিওতে দেখা যায়, মরিয়মের আর্ত চিৎকার শুনে কেউ একজন মোবাইলের ক্যামেরায় ভিডিও চালু করে তাদের ঘরে যায়। ঘরে ঢুকতেই দেখা যায় মরিয়ম আর্তনাদ করছে।
আর বলছে, ওহ বাবা, বাবা, তুই আমার বাবা। আমারে তুমি আইনছো কেন? ওহ মারে। ওহ আল্লাহরে।
আর তার স্বামী নির্দয়ভাবে বলছে, তুই আমারে ঢাকা থেকে আনলি কেন। প্রতি উত্তরে মরিয়মও বলেছে, আমারে তুমি আইনছো কেন’। সেই মুহূর্তে জহিরুল বলে উঠে ‘তুই আঁরে মোহরানা শিখাছ’।
