ঢাকা: লম্বা অপেক্ষার অবসান ঘটলো। প্রাণ ফিরে পেলো দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন নৌ-রুট কক্সবাজার-সেন্টমার্টিন।
নতুন পর্যটন মৌসুমের প্রথম দিনেই ৮ শতাধিক পর্যটক নিয়ে পর্যটকবাহী জাহাজ এমভি আউলিয়া সকাল ৭টা ৪০ মিনিটে কক্সবাজারের বিডাব্লিউটিএ জেটিঘাট ছেড়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করেছে।
আজ, বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর থেকেই ঘাট আনন্দের পরিবেশ ছিলো। প্রচুর মানুষ ছিলো।
কক্সবাজার জেলা প্রশাসনের নিযুক্ত প্রতিনিধি ও কক্সবাজার সদর উপজেলার ভূমি কমিশনার মো. মশিয়ুর রহমান বলেন, “মৌসুমের প্রথম জাহাজটি নির্ধারিত সময় সকাল ৭টা ৪০ মিনিটে যাত্রা শুরু করেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করেছে।”
সী ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, “দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন মৌসুমে প্রথম দিনেই ৮ শতাধিক পর্যটকের উপস্থিতি অত্যন্ত আশাব্যঞ্জক। এটি প্রমাণ করে সেন্টমার্টিন ভ্রমণের প্রতি মানুষের আগ্রহ আগের মতোই রয়েছে। বর্তমান সরকারের স্বদিষ্টা আর সেন্টমার্টিনের মানুষের কথা চিন্তা করে পর্যটকবাহী জাহান চলাচলের অনুমতি দিয়েছে।”
বাহাদুর বলেন, “নিরাপত্তা, সময়নিষ্ঠা, পরিবেশ ও উন্নত সেবা নিশ্চিত করার মাধ্যমে পর্যটকদের আস্থা আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। জাহাজ, সাগর আর সেন্টমার্টিনের পরিবেশ দুষণের বিষয়ে পর্যটকদের কড়া বার্তা দেয়া হয়েছে। যাতে প্লাষ্টিকের বোতল থেকে শুরু করে পরিবেশ নষ্ট না হয় এমন কর্মকান্ড থেকে বিরত থাকার তাগাদা দেয়া হয়েছে।”
অনেকেই তো কত আশা নিয়ে পরিকল্পনা করে রাখেন সেন্টমার্টিনের। তাঁরা স্বস্তির নিঃশ্বাস ফেললেন অবশেষে।
চট্টগ্রাম থেকে বন্ধুদের সঙ্গে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “সেন্টমার্টিনে এর আগে একবার গিয়েছিলাম। এবার মৌসুমের শুরুতেই যাওয়ার সুযোগ হয়েছে। আশা করছি দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়েও সবাই সচেতন থাকবে। আমরা কেউ যেন প্লাস্টিক বা বর্জ্য ফেলে দ্বীপের ক্ষতি না করি।”
