ঢাকা: মানুষ মরছে মানুষের জ্বালায়, আর এদের নাটক চলছে দেশে। বিনোদন দিচ্ছে রাজনীতিবিদরা।
তারেক রহমান বনাম আসিফ মাহমুদের একটা বিনোদন দেখলাম। বিদ্যুৎ সংকট নিয়ে এনসিপির নেতারা যাত্রাবাড়িতে হ্যারিকেন সামনে নিয়ে একটা প্রতিবাদ সভা করে৷
যদিও এইসব তাদের স্ট্যাণ্ডবাজি। তারপরেই তারেক একটা সভায় বলেছেন, “এরা সামনে হারিকেন রেখে পেছনে ফ্যানের বাতাস খাচ্ছে, আবার বলছে ‘বিদ্যুৎ চাই”।
অবশ্য কথাটা তিনি ভুল বলেননি।
বিদ্যুৎ-সংকট নিয়ে সরকারের সমালোচনাকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পেছনে ফ্যানের বাতাস খাচ্ছে, হাতে হারিকেন নিয়ে বসে বলছে—গ্যাস দে, বিদ্যুৎ দে; এগুলো হঠকারিতা।’
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ শনিবার রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে দোয়া-মোনাজাত ও দরিদ্রদের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এলএনজি টার্মিনাল বসানোর কাজ বন্ধ করে দিয়েছিল। সরকার দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের চেষ্টা করছে, এ জন্য সময় লাগবে। বিদ্যুৎ ও গ্যাস-সংকট সমাধানে চীন ও মালয়েশিয়ার সঙ্গে সরকার আলোচনা করেছে বলেও জানান তিনি।
বিরোধী দলের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ‘তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুতের সমাধান যদি বিরোধী দল দিতে পারে, সেগুলো সরকার গ্রহণ করবে। যদি না পারে, তাহলে বিভ্রান্তির রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।’ তিনি আরও বলেন, ‘বিভ্রান্তি, হঠকারী রাজনীতি বাদ দেন। জনগণের উপকার হবে—এমন পরিকল্পনা থাকলে উপস্থাপন করুন। রাস্তায় বসে ভাঙচুরের রাজনীতির দিন শেষ।’
প্রধানমন্ত্রী খারাপ কিছু বলেননি। প্রশ্নটা একদম সোজা — প্রতিবাদ করবে করো, কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মেরো না।
এখন দেখার বিষয়, ছয় মাসের চ্যালেঞ্জ এনসিপি কিভাবে নেয়। নাকি পরের সমাবেশে ফ্যানের বদলে হাতপাখা নিয়ে বসে?
