ঢাকা: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কের সৃষ্টি হয়।
শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১১টা ২৪ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের ৯ নম্বর ফটকের পাশে মালামাল রাখার স্থানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।
উল্লেখযোগ্য যে, এর আগে গত বছরের ১৮ অক্টোবর দুপুরে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট টানা প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সে সময় বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়েছিল। এদিকে, আগুন নেভানোর কাজে যুক্ত থাকা ২৫ জন আনসার সদস্যসহ মোট ৩৫ জন আহত হয়েছিলেন।
