গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া পড়েছে। মা মেয়েসহ পাঁচজনকে হত্যা করা হয়েছে।
পাঁচজনকে তাঁদের গ্রামের বাড়ি গোপালগঞ্জে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি মাদ্রাসা মাঠে জানাজা শেষে উত্তর চরপাড়া নতুন কবরস্থানে তাঁদের দাফন করা হয়। ঘটনায় সবার চোখে পানি। গ্রামজুড়ে শোক চলছে।
উল্লেখযোগ্য যে, শনিবার সকালে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে একটি বহুতল বাড়ি থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
যাঁদের উদ্ধার করা হয় তাঁরা হলেন গোপালগঞ্জ সদরের পাইককান্দি গ্রামের শাহাদাত হোসেন মোল্লার মেয়ে শারমিন আক্তার (৩০), নাতনি মীম খানম (১৫), উম্মে হাবিবা (৮), ফারিয়া (২) এবং ছেলে রসুল মিয়া (২৩)।
এই ঘটনায় শারমিনের স্বামী ফোরকান মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা তিন থেকে চারজনকে আসামি করে কাপাসিয়া থানায় হত্যা মামলা করেছেন শাহাদাত হোসেন।
ফোরকান ঘটনার পর থেকেই পলাতক। ঘটনার পরে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।
ফোরকান অত্যন্ত সন্দেহপ্রবণ ছিলেন। শারমিনের হাতে মোবাইল ফোন পর্যন্ত রাখতে দিতেন না। সংসারে অশান্তি থাকলেও সন্তানদের মুখের দিকে তাকিয়ে শারমিন সবকিছু সহ্য করতেন বলে জানা যায়।
