ঢাকা: আশ্বিন মাস চলেই এলো প্রায়, তারপরেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আগামি ৫ দিনেও দেশের আট বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে- মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এ ছাড়াও মৌসুমি বায়ু বাংলাদেশের উপর প্রায় সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
