গাজীপুর: আবারও উত্তাল হয়ে উঠেছে গাজীপুর! শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অস্থির হয়ে উঠেছে শিল্পাঞ্চল।
গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের বিভিন্ন শিল্পাঞ্চল।
শ্রমিকদের অবরোধের কারণে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট সৃষ্টি হয়। কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়।
শ্রমিকদের প্রশ্ন একটাই—পরিবার নিয়ে বেঁচে থাকার মতো ন্যায্য মজুরি কবে নিশ্চিত হবে?
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আজ বুধবারও বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে এই কর্মসূচি শুরু করেন তাঁরা।
পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।
শ্রমিক বিক্ষোভের কারণে গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
