ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বরাবরই অত্যন্ত নমনীয়ভাবে কথাবার্তা বলেন। হাসিমুখে তাঁর সমস্ত কথা বলেন। এবং তিনি প্রথম থেকে একটাই বার্তা দিচ্ছেন ভারত বাংলাদেশের সু-সম্পর্ক!
ভারতের ভিসা প্রক্রিয়া আরো সহজের আশ্বাস দিলেন এবার।
ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের সম্মেলনকক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ইমক্যাবের সভাপতি শাহীন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে সংগঠনের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহসহ নির্বাহী কমিটির ১০ সদস্য অংশ নেন।
সাক্ষাতে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা, অনলাইনে আবেদন জমা দেয়ার পর অ্যাপয়েন্টমেন্ট স্লট পেতে দীর্ঘসূত্রিতা এবং চিকিৎসাপ্রত্যাশীদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টি তুলে ধরেন ইমক্যাব নেতারা।
হাইকমিশনার বলেন, ভারতীয় ভিসা পেতে যেসব সমস্যা হচ্ছে, সেগুলো আমরা খতিয়ে দেখছি। বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক রোগীরা যাতে সহজে ভিসা পান, সে লক্ষ্যে উদ্যোগ নেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, অনলাইনে ভিসার আবেদন জমা দেয়ার পর সরাসরি আবেদনপত্র জমা দেয়ার স্লট পেতে কেন দেরি হচ্ছে, তা বোঝার চেষ্টা করছে হাইকমিশন। শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
