গাজীপুর: শ্রমিকরা বেতন পাচ্ছে না ঠিকমতো। অধিকাংশ গার্মেন্টস তো বন্ধই হয়ে গেছে! লাখ লাখ শ্রমিক বেকার। যারা কাজ করছে তাদের বেতন দেয়া হচ্ছে না ঠিকমতো।
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে হানি ওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা কর্মবিরতি করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) নগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় চার শতাধিক শ্রমিক সকালে কারখানার সামনেই সড়ক অবরোধ করে অবস্থান নেন।
ক্ষুব্ধ শ্রমিকরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং স্লোগান দেন।
শ্রমিকদের দাবি অনুযায়ী, কারখানা কর্তৃপক্ষ নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও বেতন পরিশোধ না করায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেক শ্রমিক পরিবার নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করছেন।
শ্রমিকরা জানান, দ্রুত দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
তবে আশ্চর্যজনক হলো এই বিষয়ে উক্ত কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
