ঢাকা: বাউলদের ওপর এই দেশে কম আক্রমণ হয়নি। অথচ বাউলরা নিজের মনে গান করেন। সমাজের কারো ক্ষতি করেন না।
গ্রামীণ, দরিদ্র, সংগঠনহীন বাউলরা হামলার পর ন্যায়ও পান না। রাষ্ট্র প্রায়ই উদাসীন থাকে। গত দুই দশকে বহু বাউল নিহত বা হামলার শিকার হয়েছেন; মেলা বন্ধের ফতোয়া জারি হয়েছে; ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে; সামাজিক মাধ্যমে বাউল গান নিষিদ্ধের দাবি উঠেছে।
তবু বাউলরা অস্ত্র নয়, গান দিয়ে প্রতিরোধ করেন। তাঁদের দর্শনই তাঁদের শক্তি—মানুষের ভেতরের ঈশ্বর, প্রেম, সমতা ও স্বাধীনতার জয়গান।
বাংলাদেশে যখনই অসহিষ্ণুতা বেড়েছে, তখনই বাউলের গান মুক্তির পথ দেখিয়েছে।
এবার সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘বাতাস ছাড়া যেমন মানুষ বাঁচবে না, বাউলসংগীত ছাড়া মানবতা বাঁচবে না। বাউলসংগীত মানুষকে বাঁচতে শেখায়।’
সোমবার সন্ধ্যায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত ভাটিবাংলার লোকসংগীত উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাউলসংগীতের মূল দর্শন— ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’
বাউলসংগীত মানুষকে মানুষ হিসেবে বাঁচতে শেখায়।’ গানের সঙ্গে বহু বছরের সম্পর্কের গল্পও তুলে ধরেন তিনি।
ফজলুর রহমান বলেন, ‘আমি ভাটি অঞ্চলের মানুষ, হাওরের মানুষ। ১৯৫৬ সাল থেকে গান শুনি। প্রথম দিকে তিনজন গুণী শিল্পীর গান শুনতাম, তারা হলেন— উকিল মুন্সী, হাছন রাজা আর রাধারমণ। আমি সংগীতশিল্পী নই, কিন্তু গানকে ভালোবাসি। মনে করি, পৃথিবীতে সুর না থাকলে জীবনও পূর্ণতা পায় না। আমার স্রষ্টাও সুর পছন্দ করেন বলেই আমি পবিত্র কোরআন শরিফ সুর করে তিলাওয়াত করি।’
যে সুর পছন্দ করে না, তাকে ‘অসুরের’ সঙ্গে তুলনা করেন তিনি।
তিনি বলেছেন, ‘যে গান পছন্দ করে না। সুর পছন্দ করে না, সে মানুষ হতে পারে না। সুর না থাকলে সংস্কৃতি থাকে না, সভ্যতা থাকে না। আর সভ্যতা না থাকলে স্বাধীনতা থাকে না।’ রাধারমণ সংস্কৃতিচর্চাকেন্দ্র আয়োজিত এবারের উৎসবটি তিন দিনের পরিবর্তে একদিনে অনুষ্ঠিত হয়েছে।
উৎসবের উদ্বোধন করেন বাউলশিল্পী মো. হারুন মিয়া। আয়োজনে হারুন মিয়াকে বিশেষ সম্মাননা জানানো হয়।
