মহেশখালী: মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় আফরিন সুলতানা নামে চার বছর বয়সী এক পর্যটক শিশু নিহত হয়েছে। অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা।

এতে তার ভাই আইয়ান গুরুতর আহত হয়েছে। নিহত আফরিন নরসিংদী জেলার পলাশ উপজেলার আল আমিনের মেয়ে।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে মহেশখালী উপজেলার আদিনাথ মন্দিরসংলগ্ন এলাকায় এই করুণ দুর্ঘটনাটি ঘটে।

পরিবারের সদস্যদের কথা অনুযায়ী, নরসিংদী থেকে ১১ সদস্যের একটি পর্যটক দল মহেশখালী ভ্রমণে আসে। সকালে গোরকঘাটা জেটিঘাট হয়ে তারা আদিনাথ জেটিঘাট এলাকায় পৌঁছায়।

আদিনাথ এলাকার সৌন্দর্য উপভোগ করছিলেন ও ছবি তোলার সময় পেছন দিক থেকে একটি টমটম শিশুদের ওপর তুলে দেন চালক। এতে ঘটনাস্থলেই শিশু আফরিনের মৃত্যু হয় এবং তার ভাই আইয়ান গুরুতর আহত হয়।

নিহত শিশুর বাবা আল আমিন জানান, পরিবারের সদস্যরা ছবি তোলার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর নিহত আফরিনের মরদেহ ও আহত আইয়ানকে মহেশখালী হাসপাতালে নেওয়া হয়।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আফরিনকে মৃত ঘোষণা করেন।

সেখানে শিশুর পরিবারের কান্নায় হাসপাতাল এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। আদরের সন্তানকে হারিয়ে আফরিনের মা-বাবা শোকে ভেঙে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত টমটম চালক তাকিন গোরকঘাটা জেটিঘাটের সিরিয়ালে নিয়মিত গাড়ি চালান।

এদিকে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *