রাঙামাটি: সাজেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা পর্যটন সড়ক অবরোধ চতুর্থ দফায় আজ’ ২ নভেম্বর প্রথম দিনের অবরোধ শুরু হয়ে গেছে।
পূর্বের ঘোষিত কর্মসূচি অনুযায়ী চতুর্থ ধাপের মতো এই অবরোধ শুরু হলো।
উল্লেখযোগ্য যে, সাজেক পর্যটন সড়কে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন নামে স্থানীয় দুই সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি রোববার সকাল-সন্ধ্যা শিথিল ছিলো।
যদিও এদিন পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির ব্যানারে খাগড়াছড়ির অপর একটি সংগঠন পাল্টা অবরোধ ডাকে। এ অবরোধের প্রভাবে দুটি সংগঠনের শিথিলতা তেমনটা কার্যকর হয়নি বলে জানা গেছে।
আর জনগণ ভীষণ বিভ্রান্তিতে, ও আতঙ্কে আছে।
কয়েকটি মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল করলেও অন্য যানবাহন চলাচল প্রায় বন্ধ ছিল।
আজ সোমবার থেকে আবার অনির্দিষ্টকালের অবরোধ চলবে বলে সংশ্লিষ্ট সংগঠনের নেতারা আগেই জানিয়েছিলো।
এদিকে, স্থানীয়রা জানান, সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে রবিবার বিকালে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটেছে।
শনিবারও সাজেকের মাচলং এলাকার দুর্গম কলাবুনিয়া ও ভাঙামুড়া নামক এলাকায় এ দুটি গ্রুপের মধ্যে প্রায় দেড় ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে। এইসব অশান্তিতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে গোলাগুলিতে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে উভয়পক্ষ।
