ঢাকা: সৌদি আরবের রিয়াদে এক ভয়াবহ অগ্নিকাণ্ড—সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৬টি স্বপ্ন, ১৬টি পরিবার, ১৬টি জীবনের আলো। তারা কেউ শুধুই শ্রমিক ছিলেন না—তারা ছিলেন কারো বাবা, কারো স্বামী, কারো সন্তানের একমাত্র ভরসা। সংসার চালানোর একমাত্র অবলম্বন।
সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার।
নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শেষ হওয়ার পর পরিবারের সম্মতি অনুযায়ী মরদেহ দেশে আনা হবে।
আজ, সোমবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
রবিবার (৯ আগস্ট) সৌদি আরবের একটি সোফা কারখানায় হঠাৎ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। নিহতদের মধ্যে ১৩ জন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা।
বাকি তিনজনের মধ্যে দুজন নাটোরের নলডাঙ্গা এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।
নিহত সবাই ওই কারখানাতেই কাজ করতেন। স্বজন হারানো পরিবারগুলো কান্নায় ভেঙে পড়েছে।
সোফা তৈরির কারখানায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে দাউ দাউ করে।
আগুন আর পানি সুযোগ দেয় না কাউকে।
একটি ছোট এলাকার এতগুলো পরিবার একসাথে শোকের সাগরে ডুবে গেছে— এই কথা ভেবেই গা শিউরে ওঠে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত।
