ঢাকা: রাজধানীর হাতিরঝিলে ছড়িয়ে পড়েছে বিদেশী প্রজাতির আগ্রাসী রেড-ইয়ার্ড স্লাইডার কচ্ছপ। নতুন করে আশঙ্কা তৈরি করেছে এই কচ্ছপ!
বিশেষজ্ঞদের আশঙ্কা, এখান থেকে বংশবিস্তার করে দেশের অন্য জলাশয়েও ছড়িয়ে যেতে পারে এই কচ্ছপ।
আমেরিকা মহাদেশের এ মিঠাপানির কচ্ছপটি শখের বশে অনেকেই অ্যাকুরিয়ামে রাখেন। তবে অবৈধভাবে দেশে আসা এসব কচ্ছপ প্রাকৃতিক জলাশয়ে ছেড়ে দেয়ায় স্থানীয় জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি তৈরি হচ্ছে।
বিশ্বের অন্যতম আগ্রাসী বিদেশি কচ্ছপ রেড ইয়ারড স্লাইডার।
জীববৈচিত্র্য–বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, নিয়ন্ত্রণে আনা না গেলে একসময় সাকার ফিশের মতোই এই কচ্ছপ দেশীয় জলজ বাস্তুতন্ত্রের জন্য বড় সংকট হয়ে উঠতে পারে।
দেখা গিয়েছে, হাতিরঝিলের বিভিন্ন জায়গায় গাছের শিকড়, ভাসমান গুঁড়ি ইত্যাদিতে বসে আছে কচ্ছপগুলো।
রাজধানীর আরও কয়েকটি পুকুরেও এদের পাওয়া গিয়েছে।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, শখ করে অ্যাকুয়ারিয়ামে পালন করা কচ্ছপ বড় হয়ে যাওয়ার পর অনেকেই সেগুলো হাতিরঝিলসহ জলাধারে ছেড়ে দিচ্ছেন।
৩ জুলাই মিরপুরে অভিযান চালিয়ে বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট ১১০৪টি বন্য প্রাণী উদ্ধার করে। এর মধ্যে ৮৪৬টি রেড ইয়ারড স্লাইডার কচ্ছপের বাচ্চা ছিলো।
এবং উদ্ধার করা হয় ৫৬টি কমন স্ন্যাপিং টার্টলও, এটিও একটি আগ্রাসী বিদেশি প্রজাতি।
