লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী আমঝোল এলাকায় বাঘের আক্রমণে তিনজন আহত হয়েছেন।

রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যাবেলা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল এলাকায় এই ঘটনাটি ঘটে।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঘের আক্রমণে যারা আহত হয়েছেন তাঁরা হলেন-আমঝোল গ্রামের শহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), সেই একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) এবং নজরুল ইসলাম।

ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, শরিফা বেগম ধানখেতে ছাগল খুঁজতে গিয়েছিলেন। ছাগলটি ঘাস খাচ্ছিলো। আর ঠিক এই সময় ছাগলটির কাছে গেলে তিনি বাঘের আক্রমণের শিকার হন।

পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আরও দুজন আহত হন।

আহত তিনজনকেই স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বাঘটি হঠাৎ লোকালয়ে চলে এসে এই অঘটন ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *