Oplus_131072

ঢাকা: “ঢাকে কাঠি” – আজ মহালয়া! মহালয়া মানে পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। মহালয়ার মাধ্যমেই মূলত হিন্দু বাঙালির বছরকার উৎসবের ঢাকে কাঠি পরে।

যদিও মহালয়ার সঙ্গে দুর্গাপূজার সরাসরি যোগ নেই, তবুও মহালয়ার দিন থেকেই দুর্গাপূজার দিন গোনা শুরু হয়।

দেবী দুর্গা হলেন শক্তির প্রতীক। দশভূজা মা সব সংশয়, ভয়, অশুভ নাশিনী।

তাঁকে বলা হয় দুর্গতিনাশিনী, দশভূজা, মঙ্গলময়ী, এবং স্নেহময়ী মা। দেবী দুর্গার দশটি হাত দশ দিকের প্রতীক। প্রতিটি দিক দেবীর শক্তি ও প্রভাবের বিস্তারের প্রতীক।

বছরে একটিবার আসে দুর্গাপূজা। এতবড় উৎসবটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন হিন্দুরা।

আজ, শনিবার (১০ অক্টোবর) ভোরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়া উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে আয়োজন করা এই অনুষ্ঠানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মহালয়ার শুভেচ্ছা ও উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন।

শনিবার ভোর ৬টায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে মন্দিরে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ এবং বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এই দিনটিতে পূর্বপুরুষকে তিলদান করা হয়।

সকল সনাতনীরা পৃথিবীর মঙ্গল কামনা করেন।

পূজা কমিটির তথ্য অনুযায়ী, এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

পঞ্জিকা অনুযায়ী, ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ২০২৬ সালের দুর্গোৎসব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *