ঢাকা: দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জন শিশু মারা গিয়েছে। গত দুই মাসের মধ্যে একদিনে এটিই হচ্ছে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এই নিয়ে চলতি বছরের ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২।
আজ, রবিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
সন্দেহজনক হামে মারা গেছে ৯ শিশু। তার মধ্যে ঢাকা বিভাগে চার, চট্টগ্রামে তিন এবং সিলেট ও খুলনা বিভাগে এক শিশু মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মারা গেছে ১ হাজার ২৪৭ শিশু।
অন্যদিকে, নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর।
তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ শিশুর। এই একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬২ শিশু।
