ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

বলা হয়েছে, এর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে আর একজন মারা গিয়েছে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর। একই সময়ে নতুন করে ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের রবিবার (১২ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ জুলাই সকাল ৮টা থেকে ১২ জুলাই সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৭৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষায় ৯০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

আর এই একই সময় ৮৪৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৮৪৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

উল্লেখযোগ্য যে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ১১ হাজার ৪৮০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৩ হাজার ৫০০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় চারজন সন্দেহজনক হাম রোগী এবং একজন নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৬৬৪ জন ও নিশ্চিত হামে ৯৪ জনের মৃত্যু হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *