ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো একজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১০১৩ শিশু।
আজ, শুক্রবার (১৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
উল্লেখযোগ্য যে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৮৫ শিশুর। এই সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু।
অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৭৮০ শিশু মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ১৪০ শিশু, এই সময়ে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা হচ্ছে ৮৭৩। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৮ হাজার ৬০০ হাম রোগী।
