নীলফামারী: বিয়ে শেষে নববধূকে নিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেলো।
নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই ঘটনায় শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। এবং বর-কনেসহ প্রায় ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) রাত ৩টার দিকে নীলফামারী-রংপুর আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জ থেকে টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
যারা মারা গিয়েছেন তাঁদের মধ্যে ৭ মাস বয়সী একটি শিশুও রয়েছে।
জেলার সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের ৭ মাস বয়সি ছেলে জীবন ইসলাম এবং মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০) মারা গেছে। রিয়াদ এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
জানা গিয়েছে, শুক্রবার রাতে সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়।
রাতে বিয়ে শেষ করে বরযাত্রী কনেকে নিয়ে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিল। কিন্তু দুর্ভাগ্য আর কাকে বলে!
রাত ৩টার দিকে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনায় ১২ জনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
