টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মহেড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
রেল দুর্ঘটনা প্রায়ই ঘটছে দেশে। কিন্তু রেল বিভাগের তরফ থেকে কোনো বিবৃতি বা দুর্ঘটনাগুলো নিয়ে কোনো কথা বলতে আমরা দেখি না।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫মিনিটে চিলাহাটীর উদ্দেশ্যে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯ টার দিকে মির্জাপুরের মহেড়া স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পরেই একটি বগি লাইনচ্যুত হয়।
যদিও এতে কোনো হতাহতের ঘটনা নেই, তবে জানা গেছে রেলের একজন স্টাফ আহত হয়েছেন।

নীলসাগর এক্সপ্রেসের উদ্ধারকাজ পুরোদমে শুরু হয়েছে। ঈশ্বরদী জংশন থেকে আসা উদ্ধারকারী রিলিফ ট্রেনটি দুর্ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। ক্রেন দিয়ে লাইনচ্যুত বগি লাইনে তোলার চেষ্টা চলছে।
উদ্ধারকাজ যেহেতু চলছে, তাই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু রুটের এই সেকশনে আপ ও ডাউন লাইনের সব ট্রেনের বিলম্ব এবং শিডিউল বিপর্যয় অব্যাহত রয়েছে।
রেলওয়ের প্রকৌশলী ও উদ্ধারকারী দল দ্রুত লাইন ক্লিয়ার করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ঘটনায় শত শত যাত্রী দুর্ভোগের মধ্যে পড়েছেন।
রেল যোগাযোগ স্বাভাবিক হতে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে ।
