ঢাকা: অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা ঘটলো! ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রধান শিক্ষক। এই ঘটনা শোকাকুল করে তুলেছে ছাত্রসমাজকে।

সোমবার ছিল বিশ্ব শিক্ষক দিবস। প্রতিদিনের মত সকাল নয়টায় বিদ্যালয়ে উপস্থিত হয়েছিলেন প্রধান শিক্ষক নুর আজম (৫৬)।

বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা তাঁকে শিক্ষক দিবসের ফুলেল শুভেচ্ছা জানায়।

কে জানতো এটাই যে শেষ সম্মান জানানো হবে?

এর কিছুক্ষণ পরেই চা পান করতে পাশের বাজারে যাওয়ার পরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রধান শিক্ষক নুর আজম।

দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ ও প্রোস্টেটের সমস‍্যায় আক্রান্ত ছিলেন।

উল্লেখযোগ্য যে, ২০১২ সালে মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।

নুর আজমের এমন আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা বলছেন, শিক্ষক দিবসে এমন একটি দিন দেখতে হবে তা নিজেদের কাছেই অবিশ্বাস্য বলে মনে হচ্ছে তাঁদের।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাজুল ইসলাম বলেন, ‘হেডস্যার (প্রধান শিক্ষক) সকালে স্কুলে আসার পর শিক্ষার্থীরা শিক্ষক দিবস উপলক্ষে তাঁকে ফুল দিয়েছিল। পরে আমরা শ্রেণিকক্ষে চলে যাই। ঠিক ১০টা ২০ মিনিটে খবর পেলাম পাশের দোকান চা খেতে বসে স্যার হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করছিলেন। এ সময় আমাদের স্কুলের অফিস সহায়ক তাঁকে ইজিবাইকে নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উদ্দেশে রওনা দেন। পরে আমরাও গিয়ে দেখি তিনি মারা গেছেন। চোখের সামনে স্যারকে আসতে দেখলাম, মুহূতেই তাঁর এমন চলে যাওয়া কেন জানি বিশ্বাসই করতে পারছি না।’

প্রাক্তন ছাত্ররাও স্যারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

একজন ছাত্র স্মৃতিচারণ করে লিখেছেন, “প্রধান শিক্ষক নুর আজম স্যার আর আমাদের মাঝে নেই—এই কথাটা মেনে নেওয়া সত্যিই খুব কষ্টের।

স্যারকে কখনো দেখিনি কারো সঙ্গে উচ্চস্বরে কথা বলতে। সব সময় ঠান্ডা মাথায়, সুন্দরভাবে সবার সঙ্গে কথা বলতেন।

তিনি ছিলেন একজন ভালো মনের মানুষ এবং একজন আদর্শ শিক্ষাগুরু”।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *