বগুড়া: বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মর্মান্তিক ঘটনা ঘটে গেলো।
ছয়তলার জানালা দিয়ে নিচে পড়ে শিরিন বেগম (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাত আটটার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের একটি ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহত শিরিন বেগম বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকার বাসিন্দা।
একমাত্র জানালায় গ্রিল না থাকার জন্য এই দুর্ঘটনাটি ঘটেছে।
জানা যায়, মাথাব্যথা, জ্বর নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে শিরিন বেগমকে হাসপাতালের ষষ্ঠ তলার মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। তাঁর সঙ্গে হাসপাতালে ছিলেন স্বামী।
গতকাল রাতে শিরিনকে ওয়ার্ডে রেখে তার স্বামী এশার নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন। আর এই সময়েই হাসপাতালের খোলা জানালা দিয়ে নিচে পড়ে যান শিরিন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জানালায় গ্রিল কেন দেয়া হলো না? এই নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগের তো শেষ নেই, কয়টা পূর্ণ হয়?
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বলেন, জানালায় গ্রিল না থাকায় অসাবধানতায় ওই নারী নিচে পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
