ঢাকা: দেশের বিশিষ্ট রাজনৈতিক চিন্তাবিদ, লেখক, গবেষক, শিক্ষাবিদ, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন জনগণ।
সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সোমবার সকাল ১১টায় আবুল কাসেম ফজলুল হকের মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনা হয়।
তারপরেই তাঁর প্রতি সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়।
জানা গিয়েছে, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

এর আগে আজ সকাল সাড়ে ১০টায় আবুল কাসেম ফজলুল হকের মরদেহ বাংলা একাডেমিতে নেওয়া হয়। সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
অধ্যাপক মোহাম্মদ আজম
মহাপরিচালক- বাংলা একাডেমি: তিনি লিখেছেন:
বাংলা একাডেমির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক গতকাল ৫ই জুলাই ২০২৬ তারিখে প্রয়াত হয়েছেন।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মরদেহ আজ ৬ই জুলাই ২০২৬ সোমবার সকাল ১০:৩০টায় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা একাডেমির নজরুল মঞ্চে রাখা হয়। এখানে তাঁর নামাজ-ই জানাজা অনুষ্ঠিত হয়।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের নেতৃত্বে একাডেমির সচিব, পরিচালকসহ সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এছাড়াও শ্রদ্ধা জ্ঞাপনের জন্য উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ স্মৃতিসংঘ, বাংলা একাডেমি কর্মচারী ইউনিয়ন এবং বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আবুল কাসেম ফজলুল হক আকস্মিকভাবেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
আবুল কাসেম ফজলুল হকের আকস্মিক মৃত্যুর খবরে দেশের শিক্ষা-সংস্কৃতির অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
