ঢাকা: ফুটবল কিংবদন্তি পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে পরা ঐতিহাসিক জার্সি নিলামে উঠেছে। শুধু ওঠেনি ৪৯ লাখ মার্কিন ডলারে বিক্রিও হয়েছে।

বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৬০ কোটি ৪৭ লাখ টাকা। বিশ্বখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথেবিস জানিয়েছে, পেলের কোনো স্মারক বিক্রির ক্ষেত্রে এটিই সর্বোচ্চ মূল্যের নতুন রেকর্ড।

নিউইয়র্কে অনুষ্ঠিত এই নিলামে জার্সিটি লুফে নিতে সংগ্রাহকদের মধ্যে কাড়াকাড়ি পড়ে যায়।

পাঁচজন অংশগ্রহণকারী মোট ১০ বার দর হাঁকানোর পর শেষ পর্যন্ত এই দামে বিক্রি হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তির জার্সিটি। এটিই পেলের ফুটবল স্মারকগুলোর মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া স্মারক।

১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপের ফাইনালে মাত্র ১৭ বছর বয়সে এই জার্সিটি গায়ে চাপিয়েই মাঠ কাঁপিয়েছিলেন ফুটবল সম্রাট। মূলত এই ঐতিহাসিক গুরুত্বের কারণেই জার্সিটির মূল্য আকাশ ছুঁয়েছে।

১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে ব্রাজিল।

সেই ম্যাচে মাত্র ১৭ বছর বয়সী পেলে দুটি গোল করেছিলেন। এর মাধ্যমে তিনি বিশ্বকাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইতিহাসে নাম লিখিয়ে ফেলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *