ঢাকা: মানুষ অস্থির হয়ে উঠেছে। বেঁচে থাকাই মনে হয় এখন বিলাসিতা। গ্যাস সংকটে প্রতিটা ঘর খা খা করছে!

দেশব্যাপী তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং ক্রমবর্ধমান জ্বালানীর দাম ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির ফলে জনমানুষের দুর্ভোগ সীমা অতিক্রম করে যাচ্ছে।

এর প্রতিবাদে এবার হাতে হ্যারিকেন, হাঁড়ি পাতিল, খুন্তি নিয়ে বিক্ষোভ মিছিল হলো। আশ্চর্য মনে হচ্ছে? এরকম অনেক আশ্চর্যজনক ঘটনা এই দেশে ঘটছে।

ঢাকার বাইরে অনেক জেলায় দৈনিক ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এমনকি গভীর রাতেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না।

অনেকেই দাবি করছেন, আগের তুলনায় বিদ্যুৎ ব্যবহারে উল্লেখযোগ্য পরিবর্তন না থাকলেও কোনো কোনো ক্ষেত্রে বিল দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়েছে।

এমনকি কয়েকজন গ্রাহক স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি বিল পাওয়ার অভিযোগ করেছেন।

এর প্রতিবাদে ঢাবিতে হারিকেন ও হাঁড়ি-পাতিল নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।সোমবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় জাতীয় ছাত্রশক্তি এই বিক্ষোভের আয়োজন করে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও গ্রামাঞ্চলে বর্তমানে ভয়াবহ লোডশেডিং চলছে।লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষের পক্ষে প্রতিনিধিরা দাবি করেন, জুন ও জুলাই মাসে সাধারণ মানুষের বিদ্যুৎ ব্যবহার আগের মতোই ছিল, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে দুই থেকে তিন গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।

একদিকে গ্যাসের অভাবে বাসাবাড়িতে চুলা জ্বলছে না, অন্যদিকে লোডশেডিংয়ের মধ্যেও ভুতুড়ে বিলের বোঝা জনগণের ওপর চাপানো হচ্ছে।

দ্রুত এই সমস্যার সমাধান না হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্র নেতৃবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *