ঢাকা: যে কোনও মূল্যে, নিজের দেশের মানুষকে বাঁচাতে আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরবেন বলে ঘোষণা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নতুন করে পাসপোর্টের জন্যে আবেদনও জানিয়েছেন তিনি।
হাসিনার ফেরার খবর জোরালো হচ্ছে , আওয়ামী লীগ অক্সিজেন নিয়ে যুদ্ধে নেমেছে আর এদিকে লীগ ঠেকাতে বিরোধী তো তৎপর বটেই সেই সাথে তৎপর বিজিবি।
ভারত-বাংলাদেশ সীমান্ত কার্যত সিল করার পথে বাংলাদেশ বর্ডার গার্ড তথা বিজিবি। শুধু তাই নয়, ইউনুস জমানায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনুপ্রবেশের তথ্য দিতে পারলে পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করেছে বিজিবি।
আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে নাইটভিশন চশমা, ড্রোনসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করে সীমান্তে ‘নিরাপত্তা শিল্ড’ গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে যশোর বিজিবি। পারলে সীমান্তে বিষাক্ত সাপ পর্যন্ত রেখে দেয় এমন অবস্থা।
আওয়ামী নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
রবিবার যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ঝুমঝুমপুরস্থ দপ্তরে মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী, পলাতক ও ফেরারি আসামিরা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অবস্থান করছে।
শেখ হাসিনার ফেরার ঘোষণার ফলে তারা যশোর, সাতক্ষীরা, মেহেরপুর সীমান্ত দিয়ে ফিরতে পারে-এ আশঙ্কায় অবৈধ অনুপ্রবেশ এবং দুষ্কৃতকারীদের অপতৎপরতা রুখতে সীমান্তে কঠোর নিরাপত্তা শিল্ড গড়ে তোলা হয়েছে।
তিনি বলেন, বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে দিন-রাত বিশেষ টহলের পাশাপাশি রাতের নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সার্চ লাইট, নাইটভিশন গগলস, থার্মাল ড্রোন, সিসি ক্যামেরা, নাইটভিশন বাইনোকুলার ও আধুনিক ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
এছাড়া গোয়েন্দা নজরদারি ও অতিরিক্ত ৩০টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে।
সীমান্তের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মী এবং স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে।
