ঢাকা: মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের শারীরিক এই অবস্থার কথা জানান তিনি। তবে ভিডিওটি কোন সময়ের তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওটিতে শামীম ওসমান বলেন, “আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।”
ক্যানসারটি চতুর্থ স্টেজে পৌঁছে গেছে উল্লেখ করে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, “আমি কয়দিন বাঁচব, আমি জানি না।”
তবে ভিডিওটি আদৌ কবেকার, সেটাও জানা যায়নি।
এদিকে, রাজনৈতিক প্রতিহিংসায় নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে আগুন দেয়া হয়। বুধবার (১৮ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জের শহরের জামতলা এলাকায় হাজী বাদাস রোড এলাকায় ছাত্রদলের ১৫ থেকে ২০ জন নেতা–কর্মী মশালমিছিল নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়ির সামনে যান।
তাঁরা শামীম ওসমানের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এবং বাড়ির ফটকের সামনে আগুন জ্বালান এবং বাড়ির ভেতরেও আগুন দেওয়ার চেষ্টা করেন। এ ছাড়াও ওই বাড়ির সামনে শামীম ওসমানের কুশপুত্তলিকা দাহ করা হয়।
যাই হোক, ভিডিওতে আফশোস করে তিনি বলেন, ‘একসময় গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। কিন্তু কেন্দ্রের ভুল সিদ্ধান্ত, পকেট কমিটি ও কোটাভিত্তিক রাজনীতির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে।’
শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি কমে যাওয়ার পেছনে কেন্দ্রীয় নেতৃত্বেরও দায় রয়েছে। বিভাজনের রাজনীতি দলকে ক্ষতিগ্রস্ত করেছে।’
