ঢাকা: বীর মুক্তিযোদ্ধা ও গাজীপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবদুর রাজ্জাক মারা গিয়েছেন।

রাজনীতিক, মুক্তিযোদ্ধার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত মোঃ আবদুর রাজ্জাক আমৃত্যু আদর্শে অবিচল, সৎ ও নির্ভীক রাজনীতিক ছিলেন। জীবদ্দশায় স্বাধিকার থেকে স্বাধীনতা, অসহযোগ থেকে মুক্তির সংগ্রাম এবং স্বাধীন বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন অকুতোভয় যোদ্ধা।

মুক্তিযুদ্ধের চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক সমাজ প্রতিষ্ঠার সকল আন্দোলন-সংগ্রামে তিনি সোচ্চার ছিলেন।

দেশ, মানুষ ও দলের জন্য তাঁর নিষ্ঠা, ত্যাগ এবং মানুষের জন্য কল্যাণকর অবদানকে শেখ হাসিনা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন।

শেখ হাসিনা বলেছেন, ১৯৭৫ সালের মর্মান্তিক হত্যাকাণ্ডের পরে কারানির্যাতিত বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুর রাজ্জাক বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য, গাজীপুর জেলা যুবলীগের সভাপতি এবং গাজীপুর জেলা ও কালিয়াকৈর উপজেলায় আওয়ামী লীগকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

পিতার পথ ধরে পুত্র রাজিব আহমেদ রাসেল বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে এখন আওয়ামী লীগের রাজনীতিতে সাহসী ভূমিকা রেখে চলছে।

দেশ ও দলের জন্য মরহুমের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

মৃত্যুকালে আবদুর রাজ্জাকের বয়স হয়েছিল ৭৭ বছর। এই সংসারে পরিবার, আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি।

শেখ হাসিনা মরহুম আলহাজ্ব মোঃ আবদুর রাজ্জাকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *