ঢাকা: ডিসেম্বর দোরগোড়ায়! শেখ হাসিনা প্রস্তুতি নিচ্ছেন দেশে ফেরার।

এদিকে দেশের সরকার চায় প্রত্যর্পণ। তবে ভারত এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো কথা বলেনি। তবে একবার জানিয়েছে, আইন আছে। যা হবে আইনী মতে হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়ায় কোনো আইনি জটিলতা দেখছে না সরকার।

শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে আগ্রহী হলে তাকে ফেরানোর ক্ষেত্রে আইনি বাধা থাকার কথা নয়। এমনটাই মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথাগুলো বলেন।

শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়ার আইনি জটিলতা নিয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ভারতে একটা ব্রিফিং হয়, আপনারা জানেন। সেখানে শেখ হাসিনার এক্সট্রাডিশন নিয়ে কথা বলা হয়েছিল।

তো একাধিকবার সেখান থেকে বলা হয়েছে, এটার সঙ্গে লিগ্যাল ইস্যুজ আছে। তার মানে ব্যাপারটা এই রকম আমরা উনাকে এক্সট্রাডাইট করতে চাই, উনাকে ধরে আনতে চাই।

তিনি বলেন, উনি এত মানুষ খুন করেছেন, কথাটা কিন্তু এই রকম না। আমি রিপিট করি, উনি এত মানুষ খুন করেছেন, করিয়েছেন, কথাটা এই রকম না। একশ খুন, পাঁচশ খুন এক জিনিস। আর ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি আরেক জিনিস। দুটো দুই জিনিস। এই দুইটার ডিফারেন্স আমি আশা করি আমাদের জনগণ বোঝেন। উনি সেই অপরাধে অপরাধী।

জাহেদ উর রহমান বলেন, প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি বিষয় থাকলে সেটি আদালতে যাওয়ার পর প্রক্রিয়া চলতে পারে। কিন্তু শেখ হাসিনা নিজেই বাংলাদেশে ফিরতে চাইলে সেই আইনি প্রক্রিয়ার জটিলতা থাকার কথা নয় বলে তিনি মনে করেন।

তিনি বলেন, উনি তো নিজেই আসতে চান। তার মানে উনার তো কোর্টে যাওয়ার দরকার নেই। উনি বললেন, আমাকে এক্সট্রাডাইট করে দাও। উনার তো এসেই এটা ফেস করার কথা ছিল। সো, এক্সট্রাডিশন নিয়ে যে আইনি প্রসেসের কথা বলা হয়েছে, যে আইনি জটিলতার কথা বলা হয়েছে, আমি অন্তত সেটা দেখি না।

সংবিধানের ৪৭ অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের মৌলিক অধিকারের বিষয়ে সংবিধানে বিশেষ বিধান রয়েছে।

বলেন, আমাদের ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটিতে যারা অভিযুক্ত আছেন, তাদের জন্য অনেক ফান্ডামেন্টাল রাইটস কার্যকর থাকবে না। সেটা আছে। তিনি আরও বলেন, আমাদের সরকার মনে করেন, কনভিক্টেড আসামিকে আমরা এক্সট্রাডাইট করব। ভারত সরকারকে আমাদের এটা করতে দিতে হবে এবং ভারত সরকারের এই মুহূর্তে কোনো সমস্যা থাকার কথা না।

কারণ যাকে এক্সট্রাডাইট করার কথা, তিনিই আসতে চান। সো, লিগ্যাল কোনো ইস্যু আছে বলে আমরা আসলে এখন আর মনে করি না।

জাহেদ উর রহমান বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। কোনো অপরাধী অন্য দেশে পালিয়ে গেলে এবং তার অবস্থান সম্পর্কে তথ্য থাকলে চুক্তি অনুযায়ী তাকে গ্রেফতার করে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানোর সুযোগ রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *