ঢাকা: আওয়ামী লীগের গ্রেপ্তারি চলছে একদম সারিবদ্ধভাবে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।

তবে কী কারণে ইকবাল সোবহানকে সেখানে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

আজ বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘ইকবাল সোবহান চৌধুরী বিকেলে অফিসে যাওয়ার পর একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাঁকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। সেখান থেকে আরও দুজনকে আনা হয়েছে। তাদের সঙ্গে আমরা কথা বলছি।’

দীর্ঘ সাংবাদিকতা জীবনে ইকবাল সোবহান চৌধুরী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতিসহ বিভিন্ন শীর্ষ পদে নেতৃত্ব দিয়েছেন।

এ ছাড়াও তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। পরে শেখ হাসিনা সরকারের আমলে তিনি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *