ঢাকা: কোনো ধরনের সুনির্দিষ্ট কারণ এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত নিজেদের পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকের লেনদেন স্বাভাবিক রাখার দাবিতে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মধ্যে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি পালন করেন।

কয়েক ঘণ্টা উত্তেজনার পরিবেশের তৈরি হয়। এরপর দুপুর পৌনে একটার দিকে দুই পক্ষ স্থান ত্যাগ করলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।

আজ, রবিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সকাল ৯টার পর থেকে দুই পক্ষের অবস্থান কর্মসূচি শুরু হয়।

দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত সেখানে পাল্টাপাল্টি স্লোগান চলে।

চাকরিচ্যুত কর্মকর্তারা চাকরি ফিরে পাওয়ার দাবিতে ক্ষুব্ধ অবস্থান নেন।

অন্যদিকে সচেতন গ্রাহক ফোরামের কর্মীরা ‘এস আলমের লুটেরাদের ষড়যন্ত্র’ লেখা ব্যানার নিয়ে তাদের কর্মসূচির বিরোধিতা করেন।

সচেতন গ্রাহক ফোরামের সহ-সভাপতি শামিম হাসনাইন বলেছেন, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় খবর পেয়ে তারা রাতেই ব্যাংকের সামনে অবস্থান নেন।

ফোরামের সহ-সভাপতি অভিযোগ করে বলেন, এস আলমের আমলে অনিয়ম ও ভুয়া সনদের মাধ্যমে বহু বিতর্কিত নিয়োগ দেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্টের পর ব্যাংকের পর্ষদ যাচাই-বাছাই ও পরীক্ষার মাধ্যমে যোগ্যদের বহাল রাখার উদ্যোগ নিলেও সংশ্লিষ্টরা পরীক্ষায় অংশ নেননি। এখন ব্যাংকের সার্বিক কার্যক্রম ব্যাহত ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যা সাধারণ গ্রাহকেরা কোনোভাবেই মেনে নেবেন না।

অন্যদিকে চাকরিচ্যুত কর্মকর্তাদের একজন আনোয়ার বলেছেন, চাকরি হারানোর পর তাঁরা দীর্ঘদিন ধরে কষ্টে জীবনযাপন করছেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর গঠিত নতুন পরিচালনা পর্ষদ তাদের চাকরিচ্যুত করেছে বলে দাবি করেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *