চট্টগ্রাম: শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্রমশ বাড়ছে। ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা সক্রিয় হয়ে উঠেছেন।

এবং বাড়ছে ধরপাকড়, গ্রেফতারিও। এ সবের মধ্যেই এ বার শেখ হাসিনার সমর্থকদের কাছে তথ্যপাচারের অভিযোগ উঠল চট্টগ্রামের এক পুলিশকর্তার বিরুদ্ধে।

ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাংগীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।

মামলার পর শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা এবং পাঁচলাইশ থানা পুলিশ।

আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় জাহাংগীর আলমের বিরুদ্ধে মামলাটি করেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করা হয়।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন শনিবারই পেয়েছি। মামলা দায়েরের পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল তাকে অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করেছে।’

মূলত মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন তিনি। তাই প্রতিহিংসা থেকেই তাঁর সাথে এই ঘটনা বলে সন্দেহ করা হচ্ছে।

গত মঙ্গলবার এসপি জাহাংগীরকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী।

ওই দিন জাহাংগীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

এ ছাড়াও ঘটনাটি নিয়ে বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।

চট্টগ্রাম রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার আরআরএফের পুলিশ সুপার জাহাংগীর আলমকে তলব করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। এই কর্মকর্তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ ওঠে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *