সিলেট: সৌদি আরবে খুন হয়ে গেলেন সিলেটের ২৫ বছরের এক যুবক। দুর্ভাগ্য কাকে বলে!?

পরিবারের স্বচ্ছলতা ফেরাতে গর্ভবতী স্ত্রীকে রেখে সৌদি আরবে গিয়েছিলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা মোহাম্মদ মতিউর রহমান (২৫)।

প্রবাসে যাওয়ার তিন মাসের মাথায় তাঁর একটি ছেলেসন্তান হয়। সন্তানকে আর কোলে নিতে পারলেন না। তার আগেই সৌদিতে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন তিনি।

মর্মান্তিক এই ঘটনায় সিলেটজুড়ে শোকের আবহাওয়া। সৌদি আরবের স্থানীয় সময় গত সোমবার রাতে দেশটির রাজধানী রিয়াদের হারা এলাকায় ভাড়া বাড়াতে তিনি খুন হয়েছেন বলে জানা গিয়েছে।

রুমমেটদের সঙ্গে রান্না নিয়ে বিরোধ লেগেছিলো। তার জেরেই তাঁকে মারধর এবং ছুরি দিয়ে মেরে হত্যা করা বলে অভিযোগ।

সৌদিতে থাকা একজন স্বজনের মাধ্যমে খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে সৌদি পুলিশ।

নিহত মতিউর রহমান সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আবদুস সালামের ছেলে।

রিয়াদের হারা এলাকায় একটি বাড়ির কক্ষে ছয়জন মিলে ভাড়া থাকতেন তাঁরা।

সেখানে দুই ভাই তাকে হত্যা করে। একই কক্ষে থাকা দুই ভাই নজরুল ইসলাম ও আমিনুল ইসলাম।

এদিকে এই খবরে নিহতের স্ত্রী বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন।

বুধবার সকালে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পাশাপাশি তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *